বিদেশগামীদের কাছে ডিজিটাল তথ্যসেবা ‘আমি প্রবাসী’ পৌঁছে দেবে ব্র্যাক

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৬

প্রবাসীদের ডিজিটাল তথ্যসেবা ‘আমি প্রবাসী’ অ্যাপটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং বাংলা ট্র্যাকের মধ্যে সমঝোতা সই হয়েছে। গতকাল মঙ্গলবার ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বাংলা ট্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নামির আহমেদ এতে সই করেন। এ সময় বাংলা ট্র্যাকের চিফ অপারেটিং অফিসার সামিউল ইসলাম, ব্যাবসায়িক প্রধান তানভীর সিদ্দিক ও ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরো সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলা ট্র্যাক গ্রুপ ‘আমি প্রবাসী’ নামল অ্যাপটি চালু করে। গত ৮ মে অ্যাপটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে বাংলা ট্র্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক একরামুল হক জানান, যে কোনো বিদেশগামী নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি দিয়ে নিবন্ধন করেই এই অ্যাপের সেবা নিতে পারবেন।

 ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, এই অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা সঠিক তথ্য পাবেন। অভিবাসীদের কাছে অ্যাপটির যথাযথ ব্যবহার ও সেবাগুলো নিশ্চিত করতে কাজ করবে ব্র্যাক। প্লে-স্টোর থেকে যে কেউ ‘আমি প্রবাসী’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।