যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে কোভিড-১৯-এর বিস্তার রোধে এবং এদেশের জনগণের স্বাস্থ্যচাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে জরুরি চিকিত্সা সরঞ্জাম ও সরবরাহ অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং করোনা রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।
বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই চিকিত্সা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে, যেখানে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এগুলোর চাহিদা বেড়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এসব সরঞ্জাম ও ওষুধ আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে তুলে দেন।
