রেস্তোরাঁর খাবারে ভ্যাট কমল

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৭

আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন অর্থবছরে রেস্তোরাঁয় খাবারের ভ্যাটের (মূল্য সংযোজন কর) হার কমানো হয়েছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁয় প্রতি ১০০ টাকার খাবারে ১৫ টাকা ভ্যাট কেটে রাখা হয়। নতুন অর্থবছর এ ধরনের ফাস্ট ফুডের দোকান ও রেস্তোরাঁ  থকে ভ্যাট কাটা হবে ১০ টাকা। আর নন-এসি রেস্তোরাঁ বা ফাস্ট ফুডের দোকানে ভ্যাট দিতে হবে সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১ সালের অর্থবিল পাশের সময় এই সংশোধনী আনা হয়েছে।

বিদ্যমান ভ্যাট আইনের আওতায় কোনো প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর কোনো ভ্যাট নেই। তবে ৫০ লাখ টাকা টার্নওভারের বেশি রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকানগুলোকে ভ্যাট দিতে হয়। ভ্যাট কর্মকর্তারা এ নিয়ে নিয়মিত তদারকিও করে থাকেন। হোটেল ব্যবসায়ীরা জানান, তারা সবাই ভ্যাট দিতে চান। তবে ভ্যাটের হার কমানোর দাবি দীর্ঘদিনের।