কোভিশিল্ড টিকা নেওয়ার পর ইউরোপ যেতে বাধার মুখে পড়ছেন ভারতীয়রা

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৮

কোভ্যাক্সিন টিকা নিয়ে ভারতীয়দের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আগেই দেখা দিয়েছিল। এবার সিরাম ইনস্টিটিউটের উত্পাদনকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নিয়েও একই সমস্যায় পড়ছেন বহু ভারতীয় নাগরিক। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নতুন ‘ভ্যাকসিন পাসপোর্ট’? এর নিয়মে কোভিশিল্ডকে অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন তারা।

ভ্রমণকারীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিরাম ইনস্টিটিউট সিইও আদর পুনাওয়ালা। সোমবার তিনি টুইট করে জানান, ?বহু ভারতীয়, যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেতে সমস্যায় পড়ছেন। আমি সবাইকে আশ্বস্ত করছি যে, বিষয়টি নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হবে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।? এদিকে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন পাসপোর্টে কোভিশিল্ডের অনুমোদন দেওয়ার জন্য কোনো অনুরোধ তাদের কাছে আসেনি। খবর এনডিটিভির।

প্রসঙ্গত, ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় দেশে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিলেও একই উপাদানে তৈরি ভারতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দেয়নি। আগামী ১ জুলাই থেকে ইউরোপে ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেওয়া শুরু হবে। টিকা নেওয়া থাকলে, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে বা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে এই সার্টিফিকেট দেওয়া হবে। করোনাকালে স্বাধীনভাবে চলাচলের জন্য প্রয়োজন পড়বে এই সার্টিফিকেটের।