জম্মুর বিমান ঘাঁটিতে ড্রোন হামলার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছে ভারত। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক উচ্চ পর্যায়ের সভায় ভারত বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অস্ত্রবাহী ড্রোন ব্যবহারের বিষয়টি সদস্য দেশগুলোর গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা বলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে ভারতের জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হন। এর একদিন পরই আবার রাতের অন্ধকারে জম্মুর সেনা ঘাঁটির আকাশে ঢুকে পড়ে দুইটি ড্রোন। তবে কোনো হামলা হওয়ার আগেই ড্রোন দুটি নিষ্কিয় করতে গুলি চালান ভারতীয় সেনারা। গুলি চালানোর পর এগুলো অন্ধকারে মিলিয়ে যায়। এ ঘটনার পর জম্মু ও তার পার্শ্ববর্তী সমস্ত সেনা ক্যাম্প, বিমান ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে এক অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (অভ্যন্তরীণ নিরাপত্তা) ভি এস কে কাউমুদি বলেন, সন্ত্রাসী প্রচারণার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার হচ্ছে। সন্ত্রাসবাদে অর্থায়নে লেনদেন পদ্ধতির অপব্যবহার হচ্ছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় এসব হুমকির বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় সন্ত্রাসবাদে ড্রোন ব্যবহার নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সহজলভ্য ও সহজপ্রাপ্য এই প্রযুক্তিকে সন্ত্রাসীরা গোয়েন্দা তথ্য জোগাড়, অস্ত্র ও বিস্ফোরক পরিবহন ও লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহার করছে। এটি বিশ্বব্যাপী নিরাপত্তা সংস্থাগুলোর জন্য আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে।
