শুরু হলো মাসব্যাপী ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী। করোনাকালীন লকডাউনের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। শিল্পকর্ম ও চারুশিল্পীদের বিকাশে শিল্পকলা একাডেমি নিয়মিতভাবে প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল জাতীয় চারুকলা প্রদর্শনীর।
২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে স্থাপনাশিল্পে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন শিল্পী মো. ইমতিয়াজ ইসলাম, চিত্রকলায় রুহুল করিম রুমী, ছাপচিত্রে শিল্পী আনিসুজ্জামান, ভাস্কর্যে কনক কুমার পাঠক, প্রাচ্যকলায় সুশান্ত কুমার অধিকারী, কারুশিল্পে সামিয়া আফরিন, মৃিশল্পে মো. রবিউল ইসলাম, গ্রাফিক ডিজাইনে আল মঞ্জুর এলাহী, আলোকচিত্রে মো. আল ইয়াছা ইরফান উদ্দিন, পারফরমেন্স আর্টে ইফাত রেজোয়ানা রিয়া, নিউ মিডিয়া আর্টে জিহান করিম। এছাড়া সম্মানসূচক পাঁচটি পুরস্কার পেয়েছেন চিত্রকলায় আবু তারেক মো. কাদিমুল ইসলাম যাদু ও ভাস্কর্যে আমিনুল ইসলাম আশিক ও অলক রাজবংশী, ছাপচিত্রে মো. রফিকুল ইসলাম। বরেণ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে পাঁচটি বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চিত্রকলায় বেঙ্গল ফাউন্ডেশন সম্মাননা পেয়েছেন শিল্পী অভিজিত্ চৌধুরী, কালিদাস কর্মকার সম্মাননা পেয়েছেন রাসেল কান্তি দাশ, ভাস্কর্যে ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা পেয়েছেন মো. তানভীর আহমেদ জয়, স্থাপনাশিল্পে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্মাননা পেয়েছেন প্রমথেশ দাস পুলক, ছাপচিত্রে শিল্পী কাজী আনোয়ার হোসেন সম্মাননা পেয়েছেন কামরুজ্জামান। করোনা মহামারি পরিস্থিতির কারণে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া সম্ভব হয়নি। পরে সুবিধামতো সময়ে পুরস্কার হস্তান্তর করা হবে।
প্রত্যেক মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার এবং সব মাধ্যম থেকে “বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১” নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার ঘোষণা করা হয়। মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা এবং সব মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ২ লাখ টাকা। এছাড়া একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে। পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হচ্ছে যার প্রতিটির মূল্যমান ৫০ হাজার টাকা। সঙ্গে স্পন্সরশিপ পুরস্কারও রয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর ও চারুশিল্পী আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
৩১ জুলাই পর্যন্ত একাডেমির ওয়েবসাইটে (www.shilpakala.gov.bd) এর মাধ্যমে শিল্পানুরাগীরা ভার্চুয়াল এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। এছাড়া শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজেও (www. facebook.com/shilpakalapage) প্রদর্শনীটি উপভোগ করা যাবে।
