মোবাইল ফোনে আর্থিক সেবায় কর কমছে

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৯

নতুন ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) ওপর বাড়তি যে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। ফলে এমএফএস কোম্পানিগুলোকে বাড়তি কর দিতে হচ্ছে না, বরং তারা কর ছাড়ের সুবিধা পাবেন। ৩০ শতাংশে নেমে আসবে তাদের করপোরেট কর হার। মঙ্গলবার জাতীয় সংসদে এই সংশোধনী এনে অর্থবিল কণ্ঠ ভোটে পাশ হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবিত বাজেটে এমএফএস কোম্পানিগুলোর ওপর বাড়তি কর আরোপের কথা বলা হয়। তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে করপোরেট কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়।

মঙ্গলবার সংসদে অর্থবিল পাশের আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ এমএফএস সেবায় অতিরিক্ত ঐ কর আরোপের বিষয়টি সংশোধনের প্রস্তাব তোলেন। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়। নতুন অর্থবছরের বাজেটে পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানির কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ফলে এই সুবিধা এমএফএস প্রতিষ্ঠানগুলোও পবেন। অর্থাত্ তাদের করপোরেট কর বৃদ্ধি না পেয়ে বরং কমেছে। উল্লেখ্য, ২০১২ সালে বিকাশ সেবা চালু করার পর দেশে এখন নগদ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ, শিওরক্যাশ এবং উপায়সহ ১৫টির মতো কোম্পানি এমএফএস সেবা দিচ্ছে।

এবার অর্থবিলে আরো কিছু সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে কাঁচামাল ক্রয়ে ৫ লাখ টাকা পর্যন্ত ম্যানুয়াল ট্রান্সজেকশনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন নগদে দেওয়া যাবে এমন সংশোধনী আনা হয়েছে।