চীনা কমিউনিস্ট পার্টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:৩৯

চীনের কমিউনিস্ট পার্টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল ১ জুলাই, বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দলের সদস্যদের অনুগত থাকা এবং মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষ্যে দলের ২৯ জনকে সম্মাননা জানানো হয় মঙ্গলবার। বেইজিংয়ের গ্রেট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষে কমিউনিস্ট পার্টির সামনে চ্যালেঞ্জ অর্থনৈতিক উন্নতি ধরে রাখা এবং জন্মহার বৃদ্ধি করা।

২০১৭ সালে ঘোষণা করা মর্যাদাপূর্ণ ‘জুলাই ১ মেডেল’ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিব্বত এবং শিনজিয়াংয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা এবং সেনা সদস্য। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনের অখ্লতা রক্ষায় অসামান্য অবদান রাখায় পার্টির পক্ষ থেকে তাদেরকে এই সম্মাননা জানানো হচ্ছে। এছাড়াও চীনের জাতিরাষ্ট্র এবং মানবিক উন্নয়নের ইতিহাসে কমিউনিস্ট পার্টি এক গৌরবজ্জ্বল অধ্যায় সংযুক্ত করেছে বলেও জানান প্রেসিডেন্ট শি। তিনি দলের সদস্যদের আনুগত্য ধরে রাখা, দল ও মানুষকে ভালবাসা তথা দলের জন্য সবকিছুকে উত্সর্গ করার আহ্বান জানান। ২০১৯ সালে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য ছিল ৯ কোটি ১৯ লাখ যা দেশটির মোট জনসংখ্যা ৬ দশমিক ৬ শতাংশ। শতবর্ষ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার রাতে জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ‘কমিউনিস্ট পার্টি ছাড়া নতুন চীনের দেখা পাওয়া যাবে না।’ প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই যুদ্ধ এবং দারিদ্র্যপীড়িত চীনে কমিউনিস্ট পার্টি যাত্রা শুরু করে। ১৯৪৯ সালে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেকের কাছ থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে নেয় দলটি। তারপর থেকে চীনের শাসনক্ষমতা কমিউনিস্ট পার্টির হাতে। একবিংশ শতকে পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা হাতে গোনা কয়েকটি কমিউনিস্ট পার্টির মধ্যে তারা অন্যতম।