জার্মানিকে হারিয়ে ইংল্যান্ডের প্রতিশোধ

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:৪০

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের দর্শকদের উল্লাস আর প্রিন্স হ্যারির দুই হাত উঁচু করে যেভাবে আনন্দ প্রকাশ করেছেন তা ছিল বিশ্বফুটবল জয়ের চেয়েও বেশি কিছু। এমন আনন্দের জন্য কত বছর অপেক্ষা করে ছিল ইংল্যান্ড ফুটবল। সেই মাহেন্দ্রক্ষণ দেখল ইংলিশরা।

ইউরোর নকআউটে শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ড ২-০ গোলে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। ইতিহাস সৃষ্টি করে প্রতিশোধ নিয়েছে ইংল্যান্ড।

১৯৯৬ সালে ঠিক এই ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর নকআউটে পেনাল্টি শুট আউটে জার্মানির কাছে হেরে ইংল্যান্ড বিদায় নিয়েছিল। তখন আজকের ইংল্যান্ডের কোচ সাউথগেট ছিলেন সেই দলের ফুটবলার। তিনি পেনাল্টি শট মিস করেছিলেন। সেই মিসের কারণে জার্মানি পরের রাউন্ডে উঠে যায়। সেই জ্বালা নিয়ে এত দিন অপেক্ষায় ছিল সাউথগেট। অবশেষে সেই মাঠে দাঁড়িয়ে সাউথগেট প্রতিশোধ নিয়েছেন কোচ হয়ে।

ইউরোর অলিখিত ফাইনাল দেখেছে ফুটবল দুনিয়া। সবার চোখ ছিল জার্মানি-ইংল্যান্ড ম্যাচে।

মহারণ দেখতে শুধু ইংল্যান্ড সমর্থকরাই মাঠে যাননি। হ্যারি কেইন, স্টারলিং, সাকা, ফিলিপ, স্টোন্সদের উজ্জীবিত করতে মাঠে হাজির হয়েছিলেন প্রিন্স হ্যারি, তার পুত্র জর্জ এবং স্ত্রী ক্যাথেরিন, ইংলিশ ফুটবলের সাবেক তারকা ডেভিড বেকহাম।

গ্যালারিতে ইংলিশ সমর্থকদের ভিড়ে জার্মানির সমর্থক ছিল হাতে গোনা। 

মাঠের লড়াইয়ে প্রথমার্ধে রক্ষণ আগলে খেলেছে জার্মানি এবং ইংল্যান্ড। সেটপিস হতে ইংল্যান্ড চেষ্টা করেছে। ইংলিশরা ম্যাচ জয়ের উত্স পেয়েছে দ্বিতীয়ার্ধে। জার্মানিরা কাউন্টার আক্রমণ ঠেকাতে পারেনি। দুটি সুযোগ পেয়ে গোল আদায় করে নেয়। ৭৫ মিনিটে স্টারলিং এবং ৮৬ মিনিটে হ্যারি কেইন গোল করেন। অথচ প্রথম গোলের পরই জার্মানির অভিজ্ঞ ফুটবলার মুলার ম্যাচের টার্নিং পয়েন্টে ইংলিশ গোলকিপার পিকফোর্ডকে একা পেয়ে গোল করতে না পারার সুযোগে দ্বিতীয় গোল আদায় করে ইংল্যান্ড।

প্রতিশোধের ম্যাচে উল্লসিত প্রিন্স হ্যারি দাঁড়িয়ে দুই উঁচু করে তার ফুটবলারদের অভিনন্দন জানান। যেন কত বছরের অপেক্ষার অবসান হলো।