পাকিস্তানে ফাটার পৃথক মর্যাদা পুনরুদ্ধারের দাবি প্রবীণদের

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:৪২

পাকিস্তানে পুরনো ফেডারালি প্রশাসনিক উপজাতীয় অঞ্চলগুলো (ফাটা) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে মিশে যাওয়ার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবীণরা। একইসঙ্গে তারা অঞ্চলটির পৃথক মর্যাদা পুনরুদ্ধারের দাবি করেছেন। কারণ, তিন বছর পরেও মানুষের জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ তাদের।

বাজাউর এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার স্থানীয় কাজাফি এলাকায় অনুষ্ঠিত বাজাউর কওমি ইত্তেহাদের বৈঠক চলাকালীন প্রবীণরা এই দাবি জানান। বৈঠকটি চলতি মাসে সংযুক্তির বিরোধিতা করা প্রবীণদের প্রতিনিধিত্বকারী সংস্থাটির দ্বিতীয় সভা ছিল।

সেখানে বক্তব্য রাখেন উত্তমখেল গোত্রের প্রধান মালিক মোহাম্মদ আকবর, মামার উপজাতির প্রধান মালিক মোহাম্মদ আইয়াজ খান, মালিক মোহাম্মদ নওয়াজ খান, মালিক মোহাম্মদ শাহ, মালিক ফকির খান, মালিক শাহীন খান, মালিক তাহসিল খান, মালিক আবদুল নসর খান, মালিক হিফজুর রহমান, মালিক দফতর খান ও মালিক তাহির খান।

প্রবীণরা বলছেন যে, তারা সর্বদা প্রদেশের সঙ্গে এই অঞ্চলের তথাকথিত সংযুক্তকরণের বিরোধিতা করে আসছেন। কারণ, তারা বিশ্বাস করেন যে পরিকল্পনাটি পূর্ববর্তী ফাটার পৃথক মর্যাদা নষ্ট করা এবং এর প্রাকৃতিক সম্পদ দখল ছাড়া আর কিছুই ছিল না।

সাতটি উপজাতি সংস্থা (জেলা) এবং ছয়টি সীমান্ত অঞ্চল নিয়ে গঠিত ফাটা। ২০১৮ সালে প্রতিবেশী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সঙ্গে তাদের একীভূত করা হয়েছিল।

ইত্তেফাক/টিএ