নেতিবাচক রাজনীতি পরিহার করুন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ নেতিবাচক রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে রাজনীতিবিদদের সম্মানে একটি চা-চক্রের আয়োজন করেছিলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। দুঃখজনক হলেও সত্য বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি। তারা যাবেন না, সেটি আবার তারা চিঠি দিয়েও জানিয়েছেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ড. কামাল সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম, ড. কামাল হোসেন বিএনপিকে সৌজন্যবোধ শেখাবেন। এখন দেখা যাচ্ছে, তিনি বিএনপি নেতাদের শেখানোর পরিবর্তে উল্টো তাদের মধ্যে যে অসৌজন্যমূলক আচরণ, সেটি দ্বারাই প্রভাবিত হয়েছেন।’ ঐক্যফ্রন্ট নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারা নাকি কোনো নির্বাচনে অংশ নেবেন না। কারণ কোনো কিছুর ওপরই তাদের আস্থা নেই। পুলিশের ওপর তাদের আস্থা নেই, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই, আমাদের সমস্ত আইন-শৃঙ্খলা বাহিনী-কারও ওপর তাদের আস্থা নেই। আসলে তাদের নিজেদের ওপর তাদের আস্থা নেই।  

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মিজানুর রহমান বিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।