রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১৫

আপডেট : ৩০ জুন ২০২১, ১৫:৫৭

রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাসপুকুর এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরের এই সংঘর্ষের ঘটনায় আহতদের ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

নিহতরা হলেন, দাসপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)। স্থানীয় দুই প্রভাবশালী মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

No description available.

নগরীর রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে এবং আহতদের রামেক হাসপাতালের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের বেশির ভাগ আঘাত মাথায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য আরও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ওসি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একজন করে মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রুপের দাসপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। অন্যদিকে শফিকুর গ্রুপের শফিকুল নিজেই মারা গেছেন। তার গ্রুপের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। এ ঘটনায় উভয়পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নগরীর রাজপাড়া থানার ওসি।

ইত্তেফাক/এমআর