রিয়ালের ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস করলেন কুর্তোয়া

আপডেট : ৩০ জুন ২০২১, ২০:০৪

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস করলেন ক্লাবটির গোলরক্ষক থিবো কুর্তোয়া। সতীর্থদের মধ্যে কার কি অভ্যাস সেসব তুলে ধরেন তিনি। 

টেলিফুটের সঙ্গে সাক্ষাৎকারে কুর্তোয়া এসব তথ্য ফাঁস করেন।

দলের সবচেয়ে বেশি রাগী কে? এমন প্রশ্নের জবাবে কুর্তোয় বলেন, নাচো ফার্নান্দেজ, লুকা মদ্রিচ ও দানি কারভাহাল। এরা সবসময়ই রাগী মুডে থাকে। আমরা যখন ম্যাচ খেলি এবং জয় পাই তখন সবাই মিলে ছবি তুলি। কিন্তু তারা ভিনেগারের মতো, ছবি তুলতে আগ্রহী থাকে না। দেখে মনে হয় ম্যাচটা আমরা হেরেছি।

মদ্রিচদের বিপরীতে ড্রেসিংরুমে কয়েকজন আছেন যারা সবসময় হাসিখুশি থাকেন। সতীর্থদের সঙ্গে কৌতুক করতে বেশ ভালোবাসেন। এদের মধ্যে আছেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো এবং সম্প্রতি ক্লাব ছেড়ে যাওয়া অধিনায়ক সার্জিও রামোস। দলকে সবসময় হাসিখুশি রাখেন তারা। এছাড়া জার্মান তারকা টনি ক্রুসের নামও উল্লেখ করেন কুর্তোয়া।

দলের মধ্যে সবচেয়ে স্টাইলিশ কে? পোশাক-পরিচ্ছদে সবসময় কেতাদুরস্ত থাকেন কে? এমন প্রশ্নের উত্তরে কুর্তোয়া উল্লেখ করেন দু’জনের নাম। তিনি বলেন, অ্যাসেনসিও বেশ ভালো পোশাক পরে আর রামোসের নিজস্ব স্টাইল আছে। মারিয়ানো ডায়াজ আর কারভাহালও ড্রেসআপের ক্ষেত্রে বেশ সচেতন।

ইত্তেফাক/এএএন