বৃষ্টি ভেজা ত্বকে র‌্যাশ নয়, সুন্দর থাকুন 

আপডেট : ৩০ জুন ২০২১, ২০:০৫

বর্ষাকালের বৃষ্টিতে আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়াতে জামাকাপড় কাচার পরও কেমন যেনো একটা ভ্যাপসা গন্ধ থেকে যায়। ঘরের মধ্যেও থাকে এমন ভ্যাপসা গন্ধ। এরকম বৃষ্টি ভেজা পরিবেশে গা-হাত-পায়ে র‌্যাশ, অ্যালার্জির প্রভাবে চুলকানির একটা প্রবণতা দেখা যায়। কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে বৃষ্টির দিনগুলোতেও ত্বক থাকবে সুন্দর ও মসৃণ।

১. মধু জীবাণুনাশক। ত্বকের বিভিন্ন সমস্যায় মধুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ত্বক এবং চুলকে সুন্দর রাখতে মধু তুলনাহীন। নিয়মিত মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ে না, ত্বকও ভালো থাকে। আর শরীরের যে স্থানে র‌্যাশ হয়েছে, চুলকানি হচ্ছে সেখানে মলমের মতো করে মধু মাখিয়ে দিলে ওই স্থান প্রাকৃতিকভাবে আর্দ্র হয়ে যায় এবং ধীরে ধীরে চুলকানি কমতে থাকে।

২. ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যায় খুব ভালো কাজ দেয় আপেল ভিনিগার। যদিও এর ব্যবহারে বেশ কয়েকটি সতর্কতা মেনে চলতে হয়। কারণ অতিরিক্ত অ্যাপেল ভিনিগারের ব্যবহার শরীরের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। ত্বকের পক্ষে সেই অতিরিক্ত অ্যাসিড যথেষ্ট ক্ষতিকর।

৩. চুলকানিতে অ্যালোভেরা জেল উপকারি। শুধু চুলকানিই নয় ত্বকের যেকোনো সমস্যার সমাধানেই অ্যালোভেরা জেল কার্যকরী। নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ত্বক মোলায়েম হয়। আলাদা করে যত্নের প্রয়োজন হয়না। সরাসরি গাছের পাতা থেকে জেল সংগ্রহ করে করে মাখতে পারেন আবার দোকানে ক্রিম হিসেবে বিক্রি হওয়া জেলও ব্যবহার করতে পারেন। 

৪. ত্বককে মসৃণ, সুন্দর ও কোমল রাখতে নারকেল তেল দারুণ কাজ দেয়। ত্বকে নিয়মিত নারকেল তেল মাখলে ত্বক ফাটা বা শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা দূর হয়। তবে অনেকেরই আবার নারকেল তেল থেকে অ্যালার্জির প্রবণতা থাকে। তারা কিন্তু ভুলেও এটি ব্যবহার করবেন না। হিতে বিপরীত হয়ে যাবে। 

ইত্তেফাক/আরএম