ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে সমর্থন করেন না অধিকাংশ ভারতীয়: জরিপ

আপডেট : ৩০ জুন ২০২১, ২০:২৬

পিউ রিসার্চ সেন্টার একটি জরিপ করেছে সারা ভারত জুড়ে- যার বিষয় হচ্ছে ধর্ম। এ জরিপে দেখা গেছে, ভারতীয়রা নিজেদের যেভাবে দেখেন, তার মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলো বেশির ভাগই মনে করে তাদের মধ্যে খুব বেশি মিল নেই। মঙ্গলবার (২৯ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পিউ রিসার্চ সেন্টার ২০১৯ সালের শেষদিক থেকে ২০২০ এর প্রথম দিক পর্যন্ত ভারতের ২৬টি রাজ্য এবং তিনটি টেরিটরিতে ১৭টি ভাষার প্রায় ৩০ হাজার লোকের সাক্ষাতকার নিয়েছে। সম্পর্কের ক্ষেত্রে দেখা গেছে, বেশির ভাগ হিন্দু, শিখ ও মুসলিমই বলছেন, ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে বন্ধ করাটা তাদের 'উচ্চ অগ্রাধিকার' প্রাপ্ত বিষয়। এমন ধারণা পোষণ করেন ৮০ শতাংশ মুসলিম এবং প্রায় ৬৫ শতাংশ হিন্দু।

জরিপটিতে উপসংহার টানা হয় এইভাবে- এই দুই অনুভূতিকে বিপরীতধর্মী মনে হতে পারে কিন্তু বেশির ভাগ ভারতীয়ের জন্য ব্যাপারটি মোটেও তা নয়। দেখা গেছে, ভারতের জনগণ একই সাথে ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারে উৎসাহ প্রকাশ করছেন, আবার তার পাশাপাশি যার যার ধর্মীয় সম্প্রদায়কে বিচ্ছিন্ন বৃত্তের মধ্যে রাখাকেই উত্তম মনে করছেন। বলা যায়, তারা একসাথেই বসবাস করছেন কিন্তু পৃথকভাবে।

ইত্তেফাক/এসএ