বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ ট্রাস্ট্রের অধীনে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। আইন অনুযায়ী ট্রাস্ট্রের অধীনে পরিচালিত হওয়ায় অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
সোমবার (২৮ জুন) বিকালে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার’স অ্যাসোসিয়েশনস (পুপরোয়া) এর উদ্যোগে 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপঃ বর্তমান বাস্তবতা' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শেখ কবির। তিনি বলেন, ‘কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে ট্রাস্ট আইনে অলাভজনক হিসেবে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একই আওতায় কর আরোপের প্রস্তাবনা আইনের পরিপন্থী এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুপরোয়ার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ ইমতিয়াজ। সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন।
এছাড়া পুপরোয়ার সাধারণ সম্পাদক আবুসাদাতের সঞ্চালনা ও সভাপতি মনিরুল ইসলাম রিন্টু্র সভাপতিত্বে ওয়েবিনারে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিনিয়র উপদেষ্টা ও ইউল্যাবের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক প্রমুখ।
ইত্তেফাক/এসএ
