বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবির) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২ (১) ধারা অনুসারে ড. সৈয়দ হুমায়ুন আখতারকে ভাইস চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ দেওয়া হলো।
ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমাকে এই দায়িত্ব দেওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সরকারের ভিশন ২০৪১ উন্নত দেশে রূপান্তর এর জন্য আমাদের জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে।’
তিনি আরও জানান, ‘ইতোমধ্যে আমরা বিরাট সংখ্যককে স্বাক্ষরতার আওতায় নিয়ে আসতে পেরেছি। কিন্তু আমাদের জনগোষ্ঠীকে গণমুখী শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বিশেষ করে নারীরা যারা সমাজে অবহেলিত, যারা অবহেলার শিকার হচ্ছেন তাদেরকে স্বনির্ভর করে তোলা। প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আলো দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। যাতে করে জাতীয় অর্থনীতিতে তারা অবদান রাখতে পারে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাই আমার স্বপ্ন। এ স্বপ্ন নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম। এ স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো।’
ইত্তেফাক/ইউবি
