দলবদলে চমক দিলো ম্যানইউ

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৭:৪৮

দীর্ঘ ১ বছরের চেষ্টার পর অবশেষে সফল হতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে তারা দলে ভেড়াচ্ছে তরুণ তারকা জ্যাডন স্যাঞ্চোকে। তবে এর জন্য তাদেরকে গুনতে হচ্ছে চড়ামূল্য।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরুশিয়া। 

৪ বছর জার্মানিতে কাটানোর পর আবারো নিজের দেশে ফিরছেন এই উইঙ্গার। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে ৮৫ মিলিয়ন ট্রান্সফার ফিতে সম্মত হয়েছে দুই ক্লাব। 

ইউরোপিয়ান ফুটবলের দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তিটা সারলো ইউনাইটেড। প্রিমিয়ার লিগ আর বুন্দেসলিগার দুই জায়ান্ট ক্লাব পৌঁছেছে সিদ্ধান্তে। এখন কেবল ২১ বছর বয়সী তারকার ওল্ড ট্রাফোর্ডে এসে মেডিকেল টেস্ট করা বাকি। 

ডর্টমুন্ড যা বলছে

বুধবার এক বিবৃতিতে ডর্টমুন্ড জানিয়েছে, জ্যাডন স্যাঞ্চো বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছে। দুই ক্লাব এবং প্লেয়ার চুক্তিতে স্বাক্ষর করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়াকে ৮৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে। চুক্তির অন্যান্য কার্যক্রম শীঘ্রই সম্পাদন করা হবে।   

ডর্টমুন্ডের বিক্রির কারণ

স্যাঞ্চোকে ১ বছর ধরে দলে ভেড়াতে মরিয়া চেষ্টা চালিয়েছে ম্যান ইউনাইটেড। তবে নিজেদের সিদ্ধান্তে অটল ছিল বরুশিয়া। নিজেদের এই সম্পদকে তারা কোনভাবেই বিক্রি করতে চায় নি। অতীতে ম্যানইউ সহ অনেক ক্লাবেরই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো তারা। তবে ম্যানইউর প্রস্তাবে রাজি না হয়ে তাদের উপায়ও ছিলো না। কারণ স্যাঞ্চোও থাকতে চাচ্ছিলেন না ক্লাবে।

তার সাবেক একজন কোচ বলেন, জ্যাডন নিজেই চেয়েছিলো ক্লাব পরিবর্তন করতে। আমরা বরং তাকে রাখতে পারলেই খুশি হতাম। আমরা টাকা নিয়ে সন্তুষ্ট নই বরং সে যে চলে যাচ্ছে তাতে আমরা কষ্ট পাচ্ছি। 

বরুশিয়ার হয়ে ১৩৭ ম্যাচ খেলেছেন স্যাঞ্চো। তাতেই নজর কেড়েছেন ইউরোপিয়ান ফুটবলের। ক্লাবটির হয়ে ৫০টি গোল এবং ৫৭টি অ্যাসিস্ট আছে তার। 

রিয়ালে নজর ম্যানইউর

স্যাঞ্চোকে দলে ভিড়িয়েই থেমে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের নজর রিয়াল মাদ্রিদের ফরাসী ডিফেন্ডার রাফায়েল ভারানের দিকে। এরইমধ্যে মাদ্রিদ ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন ভারানে নিজেও। যদিও এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ক’দিন আগে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, আমি শুনেছি সে (ভারানে) ক্লাব ছাড়তে চায়। তবে এ বিষয়ে সে আমাকে কিছু জানায় নি। আমি তার সঙ্গে কথা বলবো। সে যদি থাকতে চায় থাকবে। যদি চলে যেতে চায় চলে যাবে। তবে এখন পর্যন্ত সে আমাদের ফুটবলার। 

দলবদলের বাজারে জোর গুঞ্জন, ম্যান ইউনাইটেড জোর প্রচেষ্টা চালাবে ভারানের জন্য। সেজন্য বড়সড় প্রস্তাবও তৈরি করছে তারা। শেষপর্যন্ত ভারানেকে নিয়ে যেতে সক্ষম হলে সেটিও হবে বড় চমক। 

ইত্তেফাক/এএএন