‘দর্শক-শ্রোতারা ভাইরালের পেছনে ছুটছে’

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:৫৪

আলিফ আলাউদ্দিন, সংগীতশিল্পী ও উপস্থাপক। এদেশে পপ গানে নারীদের একটা সময় পর নিজের ক্যারিয়ার নিয়ে আর চর্চা করতে দেখা যায় না। আলিফ সেক্ষেত্রে ব্যতিক্রমী এক নাম। এদেশের কিংবদন্তী সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর সুযোগ্য কন্যা হিসেবে গানকেই বেছে নিয়েছেন তার জীবনের অন্যতম অনুসঙ্গ হিসেবে। স্বামী ফয়সাল ও এদেশের শীর্ষ গিটারিষ্টদের একজন। আলিফ কথা বললেন তার সাম্প্রতিক কাজ নিয়ে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাই—

আমাদের ব্যান্ড ‘পেন্টাগণ’-এর পুরনো ৩টি গান নতুন করে রিলিজ এবং আমার চতুর্থ অ্যালবামের কাজ করছি। পাশাপাশি আমার বাবার লেখা ও মায়ের গাওয়া কিছু গান নতুন করে গাইছি। এছাড়া আসছে ঈদে বিটিভিতে আমাদের ব্যান্ডের শো এবং আনন্দ মেলা অনুষ্ঠানের গান নিয়ে ব্যস্ততা চলছে।

সংগীতাঙ্গনে নতুন ট্রেন্ড চলছে। তারপরও পুরনো গান নিয়ে কাজ করার কারণ কী?

আসলে সেই সময় এই গানগুলো সেভাবে প্রেমোট করা হয়নি। তাই নতুন করে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই আয়োজন।

সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সংগঠনটি শিল্পীদের স্বার্থ রক্ষায় কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন?

অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ এই সংগঠনটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেভাবে তারা অগ্রসর হচ্ছেন তাতে ভালো কিছুই হবে আশা করছি। 

ভিউ গুণে শিল্পী ও গানের মান নির্ধারণ নিয়ে কী বলবেন?

এটা খুবই দুঃখজনক। অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে এই চর্চাটা একটু বেশিই হচ্ছে। এখন যে অভিনেতা, সে-ই উপস্থাপক, সে-ই গায়ক হচ্ছেন। অভিজ্ঞতা দরকার আছে, তবে যে যেটা পারেন তার সেটাই করা উচিত।

এই কাব্য মূল্যহীন গান আপনাদের মতো শিল্পীদের লজ্জার কারণ হয় কি-না!

এটা আমাদের চেয়ে বেশি দর্শক-শ্রোতাদের লজ্জার কারণ! গান তো অনেকরকমই হবে, তবে আপনি কোনটাকে গ্রহণ করবেন সেটা আপনার বিষয়। তবে আমি বলবো, এখন বিভিন্ন ধরনের ভালো ভালো গান হচ্ছে। শ্রোতাদের উচিত হবে সাময়িক মজা দেওয়া গানগুলোকে ছেড়ে ভালো গানগুলোকে শোনা, শেয়ার ও প্রমোট করা।

আগের মতো বর্তমান গানগুলো হূদয় স্পর্শ করতে পারছে না কেন?

এখন অল্প সময়ে কীভাবে পরিচিতি পাওয়ার চর্চা চলছে। তবে ভালো গান হচ্ছে না, তা কিন্তু না। কিন্তু দর্শক-শ্রোতারা ভাইরালের পেছনে ছুটছে। পাশাপাশি শিল্পীদের এককভাবে গান রিলিজও একটি কারণ। শিল্পী রিলিজ দিলে শ্রোতারা আসল শিল্পীর চ্যানেল খুঁজে পায় কি-না সেটাও ভাবার।

আপনি গানের পাশাপাশি উপস্থানানাতেও সফল। কিন্তু বর্তমানে কাজ না জানাদের উপস্থাপনার চেয়ারে বসানো হচ্ছে। এতে মান কতটা ঠিক থাকছে বলে মনে করেন?

এতে উপস্থাপনার মান তো কিছুটা নষ্ট হচ্ছেই। এর দায়ভার চ্যানেলগুলোকেই নিতে হবে। সবাইকে দিয়ে উপস্থাপনা হয় না। শুধু চেহারা দেখালে হবে না। উপস্থাপকের বাচনভঙ্গি, প্রাসঙ্গিক বিষয়গুলো বোঝার ক্ষমতার পাশাপাশি তার কথা শোনার আগ্রহ কিন্তু দর্শকদের থাকতে হবে।