শুটিংয়ের অনুমতি পেল সিডিউল পাওয়া নাটক

আপডেট : ০১ জুলাই ২০২১, ২০:২৮

বিনোদন রিপোর্ট

 

করোনার কারণে প্রতি ঈদেই নাটক-সিনেমার শুটিং বিধিনিষেধের কবলে পড়ছে। আসন্ন ঈদের কাজ নিয়েও সেই সংশয় ছিল। কারণ গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। সরকারি বিধিনিষেধ মানতে গতকাল সিনেমা থেকে শুরু করে অন্যান্য শুটিং বন্ধ ঘোষণা করা হলেও নাটকের শুটিং চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে আদৌ সেটা সম্ভব হবে কি-না, তা নিয়ে শঙ্কা ছিলই। এবার সেই সংশয় কিছুটা কেটে গেল। জানা গেছে, সরকারি প্রজ্ঞাপনে শুটিং করতে পারবে কি-না, সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে ঈদকে সামনে রেখে একাধিক নাটক নির্মাণের অপেক্ষায়। এই নাটকগুলো নির্মাণ করা না গেলে ঈদে নাটক প্রচারে জটিলতায় পড়বে চ্যানেলগুলো। সেইসঙ্গে নাটকের কলাকুশলীরাও পড়বে আর্থিক বিপর্যয়ে। সব দিক বিবেচনায় শুটিং চলবে কি-না, তা নিয়ে সিদ্ধান্তে আসতে নাটকের আন্তঃসংগঠনগুলো যোগাযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলাবাহিনীর উর্ধ্বতনদের সঙ্গে। বুধবার রাতে জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয়, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের লক্ষ্যে যেসব নাটকের শিডিউল হয়ে গেছে কিন্তু শুটিং সম্পন্ন করতে পারেনি, শুধুমাত্র সেসব নাটক শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, ‘টেলিভিশনে ঈদ অনুষ্ঠানমালায় জন্য যেসব নাটক/টেলিফিল্মের শিডিউল হয়ে গেছে, কিন্তু এখনো শুটিং সম্পন্ন হয়নি, প্রমাণ সাপেক্ষে শুধুমাত্র তারাই শুটিংয়ের সুযোগ পাবেন।’