এএফপি
প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি ফোর্ড এসকর্ট গাড়ি নিলামে বিক্রি হয়েছে। দক্ষিণ আমেরিকার একটি মিউজিয়াম গাড়িটি ৫২ হাজার ৬৪০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখেরও বেশি টাকা দিয়ে গাড়িটি কিনে নিয়েছে।
১৯৮১ সালের মে মাসে সিলভার রঙের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। এর দুই মাসের মাথায় সেন্ট পল ক্যাথেড্রালে তাদের ঐতিহাসিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৯৮২ সালে ৬ হাজার পাউন্ডে গাড়িটি কিনে নেন একজন অ্যান্টিক ডিলার। মঙ্গলবার গাড়িটি আবারও নিলামে তোলা হয়।
টেলিফোনে নিলামে অংশ নিয়ে গাড়িটি কিনে নিয়েছে দক্ষিণ আমেরিকান একটি মিউজিয়াম। গাড়িটি এখন সেখানে পাঠানো হবে। প্রাক-নিলামেই গাড়িটি নিয়ে আগ্রহ দেখা যায়। আশা করা হচ্ছিল, নিলামে এটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে নিহত হন প্রিন্সেস ডায়ানা।
