মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে লাইটার জাহাজে ডাকাতি হয়েছে। গত বুধবার রাত পৌনে ৩টার দিকে মুক্তারপুর এলাকায় এই নৌডাকাতির ঘটনা ঘটে। ‘এমভি ইয়াছিন আরাফাত-২’ নামে শাহ্ সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজে হানা দিয়ে ডাকাতেরা এর মাস্টার ও স্টাফদের অর্ধলক্ষাধিক টাকা ও মোবাইল ফোনসেটসহ মালামাল লুটে নেয়। এ ঘটনায় জাহাজের মাস্টার মো. মিলন আহত হয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে মিলন বলেন, ‘চট্টগ্রামের সিডম থেকে আসা শাহ্ সিমেন্টের কাঁচামালবাহী (ক্লিংকার) আমাদের জাহাজটি নদীতে নোঙর করা ছিল। রাতে সাদা রঙের দুই ইঞ্জিনবাহী একটি স্পিডবোটে করে সশস্ত্র ২০ জন ডাকাত জাহাজে উঠেই স্টাফদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় ১২ জন স্টাফকে অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজে থাকা ৩০ হাজার টাকা, মোবাইলের বিকাশ একাউন্ট থেকে ১২ হাজার টাকা, স্টাফদের কাছে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।’
এ ছাড়া তারা জাহাজের মালামালের চালানসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, একই সময়ে নোঙর করা আরো বেশ কয়েকটি জাহাজে ঐ ডাকাতেরা হানা দেয়। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাবিকেরা। এদিকে মুক্তারপুর নৌ-পুলিশের উপপরিদর্শক আল-আমিন জানান, খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালানো হয়। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তবে ঘটনাটির সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
