কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৪৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর র্যাব-১৩ এর জঙ্গি দমন সেল কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়া ও উলিপুর পৌরসভার নারকেলবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাতে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বার্তায় এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. আব্দুল কাদের সালমান (২৫) ও মো. মিনহাজুল ইসলাম (২১)।

সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবত্ অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর মতাদর্শন প্রচার-প্রচারোনার মাধ্যমে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, চাঁদা উত্তোলন করে আসছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।