মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় ফল ও সবজিবোঝাই মিনি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন :কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার কাজ চালান। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, হতাহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ গাছবাড়িয়া পায়রা মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় এ ঘটনা ঘটে। নিহত পিএম জলদাশ (২৮) সাতকানিয়ার ধর্মপুর এলাকার সজীব জলদাশের ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয় সিএনজি চালকসহ আরো ছয় জন। পটিয়ায় পুকুরে মাছ ধরে সিএনজি নিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেছে। দোহাজারী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
