ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় নিহত ১

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের এক ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা দেন কাদির। ইরাকে যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠকও হয়। এ নিয়ে দুই জনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় ঐ লোকের সঙ্গে দেখা করতে যান কাদির। সেখান থেকে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর প্রতিপক্ষ হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।