বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৫০

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : নতুন কোনো করারোপ ছাড়াই ভেদরগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। দুপুরে পৌর মেয়র আবুল বাশার চোকদারের সভাপতিত্বে পৌর ভবন কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ বছর ১১ কোটি ২২ লাখ ৭০ হাজার ৯২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা ও রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৯২০ টাকা।

পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবি পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ৪০ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব এ বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌর এলাকায় পৌর কর ও হাট বাজারের রাজস্ব আয় থেকে ১০ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা এবং সরকারি উন্নয়ন সহয়তা থেকে ২৯ কোটি ৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নূর হোসেন, সচিব সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।