ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে চলমান বৈশ্বিক উচ্চ পর্যায়ের করোনা সংক্রমণ প্রতিরোধে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বেল্লাল হোসেন, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বদরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, মো. হুমায়উন কবির, খান এনামুল করিম পান্না, মো. শামসুউদ্দিন হাওলাদার।
সভায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্যের ভিত্তিতে ভাণ্ডারিয়ার করোনা সংক্রমণের হার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় পর্যায়ে ঊর্ধ্বমুখী হওয়ায় এবং ভারতীয় ডেলটা প্লাস ভেরিয়েন্ট বেশি শনাক্ত হওয়ায় বর্তমান অবস্থা বিবেচনা করে বৃহস্পতিবার থেকে আগামী ছয় দিন পর্যন্ত শুধু ওষুধের দোকান ও জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ রাখা এবং কাঁচাবাজার, পচনশীল দ্রব্য, মুদি মনোহরি দোকান স্বাস্থ্যবিধি মেনে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
