গাজীপুরে ব্যবসাপ্রতিষ্ঠানের ১৪ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৫৭

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ১৪ লাখ টাকা নিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী উধাও হয়ে গেছে। এ ঘটনায় ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার সজীব সরকার বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় ব্রাদার্স স্টিল টেডার্স নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে চাকরি করত ঢাকার কাফরুল এলাকার মো. আল আমিনের ছেলে ইয়াসিন রানা। সে গাছা থানার খাইলকুর এলাকার মর্জিনা সুলতানার বাড়িতে ভাড়া থাকত। গত ২৯ জুন ব্রাদার্স স্টিল টেডার্স থেকে মার্কেটে বিতরণের জন্য ইয়াসিন রানা ১৪ লাখ টাকা নিয়ে বের হয়ে যায়। এরপর থেকে সে অফিসের কারো সঙ্গে যোগাযোগ করছে না। তার ভাড়া বাসায় গিয়ে জানা যায়, বুধবার ইয়াসিন তার পরিবার-পরিজন নিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে।