ইউরোয় সেমিতে ওঠার লড়াই

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:১৭

সোহেল সারোয়ার চঞ্চল

ইউরোর নকআউটের ঝাঁঝালো লড়াইয়ের কথা এখনো ফুটবল আলোচনায়। যেসব তারকা তকমা লাগানো দল ছিল তাদের প্রায় সবই নকআউটে বিদায় নিয়েছে। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্সআপ ক্রোয়েশিয়া, ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির মতো দলগুলোর বিদায় নিয়ে এখন যোগ-বিয়োগ চলছে ফুটবল ভক্তদের মধ্যে। নকআউটের আলোচনার মধ্যেই আজ কোয়ার্টার ফাইনালের খেলা দুয়ারে দাঁড়িয়েছে। কাগজে-কলমে এখন বড় দলগুলোর মধ্যে রয়েছে ইতালি, ফিফার র্যাংকিংয়ে এক নম্বরে থাকা বেলজিয়াম, ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, আছে শক্তিশালী ইংল্যান্ড। আর সুইজারল্যান্ড, প্রথম বার ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা ইউক্রেন, ডেনমার্ক এবং চেক রিপাবলিককে নিয়ে ফুটবল দর্শক ভাবেনি তারা এত দূর চলে আসবে। গ্রুপ পর্ব শুরু হওয়ার আগে এই তিন দল যোগ-বিয়োগের বাইরে। তার পরও বলতে হয় কাউকে ফেলে দেওয়া যাবে না। কোয়ার্টার ফাইনালের আগে যদি কগজে-কলমের হিসাব ধরা হয় তাহলে স্পেন, ইংল্যান্ড, ইতালি ও বেলজিয়াম শক্তিশালী। এমন কথায় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর অমত আছে। পালটা প্রশ্ন করলেন মিন্টু ‘শেষ আটের খেলা। কোয়ার্টার ফাইনাল। কেন ছোট করে দেখা হবে। ইতালি, স্পেন, বেলজিয়াম শক্তিশালী। অন্য দেশগুলোর শক্তি নেই ? ওরা কি লড়াই করে সেরাটা দিয়েই কোয়ার্টারে আসেনি ? অবশ্যই তারাও সেরা। এখানে আলাদা করে ওপরে তুলে রাখা যাবে না। তার প্রমাণ মিলেছে গ্রুপের ম্যাচে, সেরা ষোলর লড়াইয়ে। সবাই যার যার অবস্থানে সেরা।’   

দর্শক ফুটবলে আনন্দ খোঁজে সেই হিসাবে বলতে গেলে কোয়ার্টারে আট দলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হবে আজ রাতে ১টায় ইতালি এবং বেলজিয়ামের মধ্যে। ইতালির কোচ রাবার্তো মানচিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর ইতালি ৩১ ম্যাচে না হারার রেকর্ড করেছে। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই। সেই সঙ্গে হার না মানার রেকর্ডও ভেঙে যাওয়ার আশঙ্কা। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবই জিতেছে ইতালি। নকআউটে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও সেটি খুব সহজ ছিল না। এখন কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে আবার কঠিন পরীক্ষা। 

ইতালির মতো বেলজিয়ামও গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে ষোলর ঘরে ঢুকেছিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে মাত্র ১-০ গোলে হারিয়ে বেলজিয়াম দেখিয়ে দিয়েছে কীভাবে বাকিটা সময় থামিয়ে রাখতে হয়। তবে ইতালির বিপক্ষে নামার আগে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের কপালে চিন্তার ভাঁজ আছে চোট পাওয়া ইডেন হ্যাজার্ড এবং কেভিন ডি ব্রুইনকে নিয়ে।

আজ প্রথম কোয়ার্টারে খেলবে স্পেন ও সুইজারল্যান্ড। ইউরোয় স্পেনের শুরুটা ভালো ছিল না। গ্রুপে নেমে দুই ম্যাচে ড্র আর শেষ ম্যাচে ৫-০ গোলে স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে মাঠের চেনা ছন্দ ফিরেছিল তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। ষোলোর ঘরে ঢুকে স্পেন ৫-৩ গোলে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়েছে অতিরিক্ত সময়ের খেলায়। তাই সুইজারল্যান্ডকে দুর্বল মনে করলে ভুল করবে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকিংয়ে হারিয়ে সুইজারল্যান্ড ইউরোতে তাক লাগিয়েছে। ৬৭ বছরের মধ্যে এবার প্রথম কোনো বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড।

আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক ও ডেনমার্ক লড়াই করবে। শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ইউক্রেন মুখোমুখি হবে। দারুণ উত্তেজনায় আছে কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। জার্মানিকে হটিয়ে ইংলিশদের ঘরে ঘরে আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন সাউথগেট। চার ম্যাচে একটি গোলও হজম না করা ইংল্যান্ডের সামনে ইউক্রেনের শক্তি কুপির আলো হলেও গর্জে ওঠার সাহস সঞ্চয় করেছে ইউক্রেন। সব শেষ কথা হচ্ছে এই বাংলাদেশের ফুটবল দর্শকরা করোনার বিধিনিষেধের মধ্যে ইউরো নিয়ে মেতে থাকবে।