দুই আবাহনীর লড়াইয়ে জিতল ঢাকার দল

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:১৯

স্পোর্টস রিপোর্টার

করোনার কারণে সারা দেশে বিধিনিষেধ চলছে। বাইরে বের হলেই জবাব দিতে হবে। অকারণে যারা বাইরে এসেছিলেন অনেকেই কাল গ্রেফতার হয়েছেন। এই কড়াকড়ির মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ফুটবল লিগ। গতকাল বিকালে বৃষ্টিভেজা মাঠে দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে ঢাকার দল আবাহনী। ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ঢাকার দল বললেও চট্টগ্রাম আবাহনী এখন ঢাকাতেই থাকে। তারা ফ্ল্যাট বাসা ভাড়া করে খেলছে। অথচ চট্টগ্রামে তাদের ক্লাব এবং চট্টগ্রামে এমএ আজীজ স্টেডিয়াম থাকার পরও এই দলটি ঢাকায় অবস্থান করে লিগের খেলায় অংশ নিয়ে থাকে। 

গতকাল খেলার প্রথমার্ধে আবাহনীর  নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে গোল করেন। খেলার ৩৪ মিনিটে রাফায়েলের পাশ থেকে সানডে চট্টগ্রাম আবাহনীর জালে বল রাখেন। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই সানডে গোল করিয়েছেন মামুনুল ইসলামকে দিয়ে। মামুনুল অনেক দিন পর আবার ঢাকার মাঠে গোল করলেন। জাতীয় দলের এই সাবেক ফুটবলারকে এখন আবাহনীর সাইড লাইনেই বেশি দেখা যায়। কাল মাঠে নেমে গোলও করলেন তিনি। ১৭ খেলায় আবাহনীর ৩৬ এবং চট্টগ্রাম আবাহনীর ২৮ পয়েন্ট। বসুন্ধরা কিংস হতে আবাহনী ১৩ পয়েন্ট দুরে।