কুরিয়ার পরিবহনে নষ্ট সাইফউদ্দিনের ব্যাট

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:১৯

স্পোর্টস রিপোর্টার

কুরিয়ার সার্ভিসে পরিবহনের সময় ভেঙে গেছে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনের দুটি ব্যাট। প্রিয় ব্যাট ভেঙে যাওয়ায় মনটা খুবই খারাপ তার। জিম্বাবুয়ে সফরে ব্যবহারের জন্য অগ্রজ সাকিব আল হাসানের কাছ থেকে দুটি ব্যাট নিয়েছিলেন তিনি। 

গতকাল কুরিয়ার সার্ভিস থেকে ব্যাটগুলো ফেরত নেওয়ার পর দেখেন ওপরের অংশ ভাঙা। সাইফউদ্দিনের অভিযোগ, এসএ পরিবহনের অসর্কতার কারণে ব্যাট ভেঙেছে। কিন্তু সেই দায় নিতেও রাজি নয় এসএ পরিবহন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে করা এক পোস্টে ভাঙা ব্যাটের ছবি দিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে, ব্যাট রিপেয়ারিং করার জন্য। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের এই অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এসএ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ, কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’