করোনায় এক দিনে সর্বোচ্চ ১৪৩ মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:১৯

দেশে করোনা ভাইরাসের উচ্চ লাফ লক্ষ করা গেছে। কঠোর লকডাউনের প্রথম দিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ১৪৩ জন, যা এ যাবত্কালের সর্বোচ্চ। গত এপ্রিলের রেকর্ড ভেঙে ২৭ জুন এক দিনে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তার চার দিনের মাথায় নতুন রেকর্ড দেখতে হলো বাংলাদেশকে। এ নিয়ে টানা পাঁচ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০র ওপরে থাকল। এর আগে এপ্রিলে টানা চার দিন ১০০র বেশি মৃত্যু দেখেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৪৬ জন, ঢাকা বিভাগে ৩৫ জনের প্রাণ নিয়েছে এ ভাইরাস।  গত এক দিনে মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪৬৪ জনে দাঁড়াল।

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ হাজার ৩০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কেবল ঢাকা বিভাগেই গত এক দিনে ৩ হাজার ৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪০ শতাংশের বেশি। সরকারি হিসাবে গত এক দিনে আরো ৪ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের পর পেরিয়ে গেছে ৪৮১ দিন। এর মধ্যে করোনা সংক্রমণের গ্রাফ উঠেছে-নেমেছে। তবে সংক্রমণের প্রায় ১৬ মাস পার হওয়ার            পর জুন মাসে দেখা গেছে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এই মাসে যে পরিমাণ করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, তা গত এপ্রিলের তুলনায় কম হলেও মে মাসের তুলনায় আড়াই গুণেরও  বেশি। করোনা সংক্রমণ নিয়ে জুন মাসে মৃত্যুর সংখ্যাও এপ্রিলের চেয়ে কিছুটা কম, তবে এটি মে মাসের তুলনায় প্রায় দেড় গুণ। শুধু তাই না, জুনের শেষ ১০ দিনে ৬১ হাজার ৮৬০ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। অথচ পুরো মে মাসে ৪১ হাজার ৪০৮ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। অর্থাত্ মে মাসের তুলনায় জুনের শেষ ১০ দিনেই সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় দেড় গুণ।

চট্টগ্রাম, রাজশাহী আর খুলনা বিভাগেও শনাক্ত হয়েছে হাজারের বেশি রোগী। গত এক দিনে খুলনা বিভাগে যে ৪৬ জনের মৃত্যু হয়েছে, তাদের ১১ জনই যশোরের আর ১০ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর ঢাকা বিভাগে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ১২ জন ঢাকা জেলার এবং আট জন টাঙ্গাইলের। এছাড়া রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে আট জন, সিলেট বিভাগে সাত জন এবং ময়মনসিংহ বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই ১৪৩ জনের মধ্যে ৭০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১০ বছরের কম ছিল। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯০ শতাংশ, যা আগের দিন ২৫ দশমিক ১৩ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ঢাকা জেলায় দৈনিক শনাক্তের হার আগের দিনের মতোই ২০ শতাংশের ওপরে রয়েছে, ঢাকা বিভাগে রয়েছে ২৩ শতাংশের কাছাকাছি।