চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০০ বছর উদ্যাপন উপলক্ষ্যে তিয়েনআনমেন স্কয়ারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে চীন। যারা চীনের সঙ্গে লাগার চেষ্টা করবে, তাদের মাথা ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে তাইওয়ান প্রসঙ্গেও শি জিনপিং বলেছেন, তাইওয়ান চীনের অংশ। মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায়, তাহলে শাস্তি পেতে হবে। খবর ডয়চেভেলে ও বিবিসির
শি জিনপিং প্রায় এক ঘণ্টা ধরে ভাষণ দিয়েছেন। তার এই ভাষণে তিনি আধুনিক চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, চীনের উন্নতি এই দলটির কর্মসূচির একেবারে কেন্দ্রে এবং জনগণের কাছ থেকে এই দলটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হবে না। একমাত্র সমাজতন্ত্র চীনকে রক্ষা করতে পারবে এবং চীনা ধাঁচের সমাজতন্ত্রই পারবে চীনের উন্নয়ন ঘটাতে। তিনি বলেন, কেউ আমাদের ভয়ভীতি দেখাতে পারবে না, নিপীড়ন করতে পারবে না এবং চীনকে পরাভূত করতে পারবে না।
শি জিনপিং বলেছেন, একসময় চীনের মানুষদের হত্যা করা হতো। তাদের নিয়ে হাসাহাসি করা হতো। সে যুগ চলে গেছে। চীনে কমিউনিস্ট শাসন গড়ে উঠেছে। ১৪০ কোটির দেশের বিরুদ্ধে কেউ সে কাজ করার চেষ্টা করলে তার মাথা ভেঙে দেওয়া হবে। গ্রেট ওয়াল অফ স্টিলে মাথা থেঁতলে দেওয়া হবে। প্রেসিডেন্টের কথা শুনে উচ্ছ্বসিত হয়েছেন সাধারণ মানুষ। হাততালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন শি জিনপিংয়ের কথা।
প্রেসিডেন্ট বলেছেন, চীনের মানুষ কেবল পুরোনো মূল্যবোধ ভেঙে নতুন মূল্যবোধ গড়ে তুলেছে, শক্তিশালী চীন গড়ে তুলেছে। যেখানে দারিদ্র্য নেই। অনটন নেই। দেশকে আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে শি জিনপিং বলেন, দেশের সামরিক শক্তি আরো উন্নত করতে হবে। সমস্ত সেনাবাহিনীকে আরো আধুনিক করে তোলা হবে।
শি বলেছেন, বেইজিং কোনো ধরনের হিতোপদেশ মেনে নেবে না। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই তিনি এই মন্তব্য করেছেন। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং হংকংয়ে দমন-পীড়ন চালানোর অভিযোগ ও সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট শি এই বক্তব্য দিলেন। বাণিজ্য, গুপ্তচরবৃত্তি এবং কোভিড মহামারিকে কেন্দ্র করে সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।
শি বলেছেন, তাইওয়ানের সঙ্গে একতাবদ্ধ হওয়ার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ। নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে চীনা জনগণের যে ইচ্ছা ও ক্ষমতা সেটাকে কারো খাটো করে দেখা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি। কমিউনিস্ট পার্টির ১০০ বছর উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে ছিল সামরিক বিমানের উড্ডয়ন প্রদর্শন ও তোপধ্বনি এবং পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত। তিয়ানআনমেন স্কয়ারের অনুষ্ঠানে অনেক দর্শক উপস্থিত ছিলেন, যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করা হয়েছে। হংকংও গতকালের দিনটিতে তাদের হস্তান্তরের বার্ষিকী হিসেবে পালন করেছে। চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক গৃহযুদ্ধের পর দলটি ক্ষমতায় আসে ৭২ বছর আগে। সিসিপির শাসনামলে চীনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।
