‘রায়পুরায় সংঘর্ষে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই’

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:০৭

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এ সংঘর্ষের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই। আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এই হানাহানি চলছিল। এ ঘটনাটি তারই একটা অংশ। আওয়ামী লীগ পরিবারের কারও সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার বিকাল ৪টায় নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা  আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অবঃ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক) এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তাৎক্ষণিক রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেককে এ দাঙ্গায় সম্পৃক্ত আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে জেলা আওয়ামী লীগকে অবহিত করানোর নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, রায়পুরা ও নরসিংদীর চরাঞ্চলে যুগ যুগ ধরে গোষ্ঠী আধিপত্য নিয়ে টেঁটা যুদ্ধ চলে আসছিল। ইতিমধ্যে টেঁটার সঙ্গে আগ্নেয়াস্ত্র যুক্ত হয়েছে। আমরা দীর্ঘদিন চেষ্টা করে নরসিংদীর চাঞ্চল্যের দাঙ্গা মীমাংসা করতে সক্ষম হয়েছি। রায়পুরার এ দাঙ্গাও একসময় শেষ করতে পারব।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জেল দেওয়া বিচারকের বিরুদ্ধে মামলা করবো: কাদের সিদ্দিকী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, আনোয়ার হোসেন কমিশনার ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে রায়পুরা চরাঞ্চল বাঁশগাড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়েই এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার ময়নাতদন্ত চলাকালীন একই চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর, বীরগাও ও কান্দাপাড়া গ্রামের সহস্রাধিক লাঠিয়াল টেটা বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমে টেটাযুদ্ধ শুরু করে। টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ৪জন। কয়েক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

এ ব্যাপারে রায়পুরা থানায় পুলিশের এসআই রাফিউল করিম বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছেন। মামলা ২টি মাত্র ১৩ ব্যক্তিকে আসামি করা হয়েছে। বর্তমানে নিলক্ষা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/বিএএফ