পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকড়ের বরখাস্ত দাবি তৃণমূলের

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:২১

পশ্চিমবঙ্গে আলোচিত ভুয়া টিকা-কাণ্ডে এবার জড়িয়েছে গভর্নর জগদীপ ধনকড়েরও নাম। ঐ কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের দেহরক্ষীর সঙ্গে ধনকড়ের ছবি প্রকাশ করে নতুন বিতর্ক তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ঐ ছবি প্রকাশ করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার এমপি সুখেন্দুশেখর রায়। সেখানেই দেবাঞ্জনের দেহরক্ষীর দুইটি ছবি প্রকাশ করেন তিনি। একটিতে খোদ দেবাঞ্জনের সঙ্গে, অন্যটিতে গভর্নর ও তার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ঐ দেহরক্ষীকে।

ছবি প্রকাশ করে সুখেন্দুশেখর বলেন, দেবাঞ্জনের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে বহু দিন ধরেই ধনকড়ের যোগাযোগ ছিল। তিনি প্রথম যে ছবিটি সামনে আনেন, তাতে অরবিন্দকে দেবাঞ্জনের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঠিক তার পরের ছবিতেই দেখা যায়, গভর্নরের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ঐ ব্যক্তি। তৃণমূল মুখপাত্র বলেন, জানা গেছে, এই দেহরক্ষীর মাধ্যমেই নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়িতে খাম, উপহার পৌঁছে যেত।

বুধবার ভুয়া টিকা-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির লোকজনের সঙ্গেও প্রতারকদের ছবি আছে হয়তো। খুঁজলেই পাওয়া যাবে। আগামী দিনে নিশ্চয়ই প্রকাশ পাবে। আর তার পরেই ছবি প্রকাশ করে দেবাঞ্জন-কাণ্ডে গভর্নরকে জড়িয়েছে তৃণমূল।