অভিযোগ গঠনের আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির মুখ্য আর্থিক কর্মকর্তা অ্যালেন ওয়েসইলবার্গ আত্মসমর্পণ করেছেন। গতকাল তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। ট্রাম্প অর্গানাইজেশন ও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। খবর রয়টার্সের
অ্যালেন ওয়েসইলবার্গের আইনজীবী ম্যারি মুলিগান ও ব্রায়ান স্কারলেটোস এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, অ্যালেন ওয়েসইলবার্গ কোনো অন্যায় করেননি। তিনি আইনিভাবেই এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন। ট্রাম্প অর্গানাইজেশন অভিযুক্ত হলে অন্য ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে। ট্রাম্পের জন্য এই মামলা ক্ষতিকর হবে। কারণ তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্প অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেন ওয়েসইলবার্গকে ব্যবহার করছেন প্রসিকিউটররা। কারণ অ্যালেন ওয়েসইলবার্গ গত ৪৮ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন। ওয়েসইলবার্গের মাধ্যমে তারা ট্রাম্পের ক্ষতি করার চেষ্টা করছেন।
