সহজলভ্য ড্রোন নিরাপত্তার হুমকি বাড়াচ্ছে ------ ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:২৩

ভারতের সেনাপ্রধান এম এম নরবণে বলেছেন, ড্রোন সহজলভ্য হওয়ায় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি বাড়ছে। সম্প্রতি জম্মুর বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি দেশহীন গোষ্ঠীগুলোর (নন স্টেট অ্যাক্টর) কাছে ড্রোন পাওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে। ফলে আমাদের সামনে চ্যালেঞ্জ আরো বেড়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী এই হুমকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াচ্ছে।

গতকাল বৃহস্পতিবার একটি থিংক-ট্যাংক প্রতিষ্ঠানের আলোচনায় জেনারেল নরবণে বলেন, হামলাকারী ড্রোন এবং প্রতিরোধী ড্রোনের আবির্ভাব আমাদের ভবিষ্যতের যুদ্ধ কৌশলের আমূল পরিবর্তন ঘটাতে পারে। এ ক্ষেত্রে সীমান্ত পেরিয়ে আসা হামলাকারী ড্রোনের মোকাবিলায় দ্বিমুখী কৌশলের ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রথমত, আকাশে শত্রু ড্রোনের উপস্থিতি চিহ্নিত করে সেটি গুলি করে নামানো। দ্বিতীয়ত, সামরিক ড্রোনের সাহায্যে আকাশপথে হামলাকারী ড্রোনের মোকাবিলা। তার দাবি, জম্মু ও কাশ্মীরে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় শক্তিশালী ব্যবস্থা রয়েছে ভারতীয় সেনাদের কাছে।

পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে গত শনিবার রাতে পাঁচ মিনিটের ব্যবধানে ড্রোনের মাধ্যমে দুইটি হামলা হয়। তাতে বিমানবাহনীর দুই কর্মী আহত হন। এরপর কয়েক দফায় কাশ্মীরের আকাশে কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে।