কোনো আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের দেশটির অধীনে থাকা বিভিন্ন দ্বীপে স্থানান্তর করা হবে। এমন একটি আইন পার্লামেন্টে তুলতে যাচ্ছে ব্রিটিশ সরকার, যাকে নিষ্ঠুর ও অমানবিক বলে অভিহিত করেছেন সমালোচকরা। খবর ডয়চেভেলের
আগামী সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে ‘ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল’ (জাতীয়তা ও সীমান্ত আইন) নামের নতুন আইন তুলতে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এই আইনের একটি পরিকল্পনা অনুযায়ী দেশটিতে আসা আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের ভূখণ্ডের বাইরে কেন্দ্র খোলা হবে। অনিয়মিত পথে কেউ যুক্তরাজ্যে এলে তাকে পাঠানো হবে সেখানে। প্রস্তাবিত দ্বীপগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আটলান্টিক সমুদ্রের অ্যাসসেনশন, জিব্রালটার ও আইল অব ম্যান। চলতি বছর বিপুল সংখ্যক অভিবাসী অনিয়মিত পথে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছেন। এরই মধ্যে সংখ্যাটি ৫ হাজার ৬০০ জন ছাড়িয়েছে। এই স্রোত ঠেকাতে গত মার্চেই প্রাথমিক পরিকল্পনাটি চূড়ান্ত করে যুক্তরাজ্য সরকার।
ডেনমার্কের সঙ্গে পরামর্শ
চলতি মাসের শুরুতে প্রায় একই ধরনের একটি আইন পাশ করেছে ডেনমার্কও। তাদের পরিকল্পনা অনুযায়ী, দেশটিতে আসা আশ্রয়প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকার তৃতীয় কোনো দেশে। এজন্য ডেনিশ সরকার রুয়ান্ডার সঙ্গে সমঝোতা চুক্তিও করেছে। এছাড়াও তিউনিসিয়া, ইথিওপিয়া, মিশর ও ইরিত্রিয়ার সঙ্গেও আলোচনা চলছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। যুক্তরাজ্যের সরকার তাদের প্রস্তাবিত আইন নিয়ে ডেনমার্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম টাইমস।
