ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:৩৩

করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের কমপক্ষে ১০০টি দেশে। ভারতে প্রথম শনাক্ত এই ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। তাই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে পারে। এদিকে ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার সাতটি শহরে লকাডাউন দেওয়ার পর এবার ইন্দোনেশিয়ার বালি ও জাভা দ্বীপে লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ডেলটাভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় আফ্রিকার দেশগুলোতে হুমকি নতুন পর্যায়ে পৌঁছেছে।

২৯ জুন প্রকাশিত এক রিপোর্টে ডব্লিউএইচও বলেছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেলটা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত দেশের সংখ্যা ১০০-এর বেশি। কারণ ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে প্রযুক্তিগত ও অবকাঠামোগত সক্ষমতা প্রয়োজন, তা অনেক দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

ঐ রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বেশকিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেলটা ভ্যারিয়েন্টের জন্যই এ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন। করোনা মহামারির শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তিনি আরো বলেন, ডেলটাই এখন পর্যন্ত করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। যেসব জায়গায় টিকা দেওয়ার হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্ট।

সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী কয়েক মাসে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে ডেলটা।  ডব্লিউএইচও প্রধান বলেন, আমি জানি যে বিশ্ব জুড়ে ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে উদ্বিগ্ন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আলফা ভ্যারিয়েন্ট ১৭২টি দেশ ও অঞ্চলে, বিটা ১২০টি দেশে, গামা ৭২টি দেশে এবং ডেলটা ৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে।

ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় জাভা ও বালি দ্বীপে লকডাউন জারি করেছে ইন্দোনেশিয়ার সরকার। গত কয়েক দিন ইন্দোনেশিয়ায় গড়ে ২০ হাজারের বেশি নতুন শনাক্ত হয়েছে।