এতদিন বাংলাদেশের নাগরিকদের ভারতে যাওয়ার ভিসা পেতে দিতে হতো প্রসেসিং ফি। এবার বাংলাদেশে আসার ক্ষেত্রে ভিসা নিতে পশ্চিমবঙ্গের নাগরিকদের দিতে হবে ভিসা প্রসেসিং ফি। সিদ্ধান্ত হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে। এ কারণে কলকাতা থেকে যে ভিসা দেওয়া হবে সেগুলোতে কিছু প্রসেসিং ফি ধার্য করা হবে। তবে সেই ভিসা প্রসেসিং ফি কত হবে তা এখনো চূড়ান্ত হয় নি। যদিও ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, চেন্নাই ডেপুটি হাইকমিশন এবং আগরতলা, গুয়াহাটি, মুম্বাই অ্যাসিসট্যান্ট হাইকমিশন থেকে ভিসা দেওয়া হবে আগের পদ্ধতিতেই। অর্থাত্ এক্ষেত্রে কোনো ভিসা ফি বা আউট সোর্সিং কার্যকর করা হচ্ছে না।
কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, এর ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে যাওয়ার ভিসা পেতে আগের তুলনায় সময় বেশি লাগবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে ভিসা দেওয়ার বিষয়টি আউট সোর্সিংয়ের মাধ্যমে করা হবে। অর্থাত্ সরাসরি আর কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে গিয়ে কেউ ভিসার আবেদন করতে পারবেন না। তাদের নির্ধারিত আউট সোর্সিং সংস্থার মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য কিছু ‘প্রসেসিং ফি’ ধার্য করা হবে।
