রসনা : পদ্ম চা

আপডেট : ০২ জুলাই ২০২১, ২০:৫৯

বৃষ্টিস্নাত ছুটির দিনে ঘুম ভাঙে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সুঘ্রাণে। সকালের নাস্তা সেরে আরও একবার ভালো করে দুধ-চিনি দিয়ে এক কাপ চা। আর বিকেল গড়াতেই আড্ডা-তর্ক জমে ওঠে চায়ের কাপের টুং টাং আওয়াজে। পাড়ার মোড়ের দোকানেও চায়ের জন্য ভিড় জমে। কেউ পছন্দ করে আদা-লেবু চা, কেউ লিকার চা, আবার কেউবা দুধ চা। এই হল আমাদের নিত্যকার জীবনে চায়ের সঙেজড়িয়ে থাকার গল্প। আসলে প্রথাগত ধারণায় চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট উষ্ণ পানীয়কে বুঝি আমরা যেটি চা পাতা পানিতে ফুঁটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরী করা হয়। এই ধারণায় প্রথম বড় ধরনের পরিবর্তন আসে ভিয়েতনামে গিয়ে। ভিয়েতনামের হ্যানয়ের নই বেই আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ শেষ করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে এল। পরিচ্ছন্ন হওয়ার কিছুক্ষণ পরে রুমে চলে এল খানিকটা লালচে গোলাপি রঙের এক পেয়ালা চা। তিতকুটে স্বাদের হলেও তাতে সুগন্ধি আছে বেশ। খানিকটা খটকা লাগলেও কয়েক চুমুকে পুরো চা শেষ করার পর শরীর বেশ সতেজ হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠে নাশতা করতে গিয়েও দেখি সেই একই ধরনের চা। তাই ভিন্নধর্মী এই চা দেখে খানিকটা সন্দেহ হতেলাগল। সন্দেহ দূর করতে রেস্টুরেন্টের ম্যানেজারকে জিজ্ঞেসই করে বসলাম, এটা কিসের চা? স্বাদ এমন কেন? উনি মুচকি একটা হাসি দিয়ে জানালেন, সেটা পদ্ম-চা (ভিয়েতনামে ট্রা সেন নামে ডাকা হয়) এবং প্রাচীনকালে এটা শুধু রাজারাই পান করতেন। তাই রাজকীয় এই চা এখনো ভিয়েতনামের আমজনতা রাজাদের প্রতি মনে মনে সম্মান জানিয়েই পান করেন। ভিয়েতনামে পদ্ম চায়ের প্রথা আসে মূলত চীন থেকে ফিরে আসা ভিয়েতনামী ধর্মগুরু এবং দূতদের হাত ধরে। পরে সেটা রাজাদের দরবারে সাদরে সমাদৃত হয়ে ওঠে। পদ্ম চা ভিয়েতনামের অনেক উত্সব এবং অনুষ্ঠানের উলে­খযোগ্য অংশ। কথাপ্রসঙ্গে ম্যানেজার আরও জানালেন, মূলত পদ্ম ফুলের পাপড়ি, রেণুর শুকনো গুঁড়ো গরম পানিতে ৫ থেকে ১০ মিনিট ধরে সেদ্ধ করার পর সতেজ পাপড়ি ও রেণু ছিটিয়ে এই চা পান করা হয়। তেতো স্বাদ দূর করতে অনেকেই মধু বা চিনি মিশিয়েও পান করেন। তবে অধিকাংশই মিষ্টি ছাড়া পান করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, পদ্মফুলের পাপড়ি ও রেণু দিয়ে তৈরী পদ্ম চা প্রতিদিন পান করলে গ্যাসট্রাইটিসের সমস্যা, ডায়েরিয়া, হার্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? সেই সঙ্গে হাই ব­াড সুগার নিয়ন্ত্রণে রাখতে পদ্ম চায়ের বেশ ভূমিকা আছে। এছাড়াও এই চা মহিলাদের ঋতুস্রাবের সমস্যা দূর করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। পদ্ম চা ওজন কমানোর জন্য আদর্শ পানীয়।

 

 

০০০