করোনা রোধে সীমান্তে আরো কড়াকড়ি করেছে অস্ট্রেলিয়া

আপডেট : ০২ জুলাই ২০২১, ২১:০১

এএফপি

অস্ট্রেলিয়া শুক্রবার দেশে প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত ভ্রমণকারীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস করার ঘোষণা দিয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ায় প্রধান নগরীগুলোতে লকডাউন জারি থাকায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশের জনসংখ্যার অর্ধেক লকডাউনে ঘরে থাকায় প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে বিদেশি ভ্রমণকারীদের আগমনের কোটা প্রায় ৫০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেন। বর্তমানে ‘জিরো কোভিড’ কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশি বাণিজ্যিক ফ্লাইটে ৬ হাজার লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং আগমনকারীদের বাধ্যতামূলক দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।

মরিসন ইঙ্গিত দিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি এই কোটা কমিয়ে প্রায় ৩ হাজার করা হবে। সরকার একই সঙ্গে প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে। বারবার লকডাউন, হোটেলে কোয়ারেন্টাইন সুবিধার ঘাটতি এবং ভ্যাকসিন প্রয়োগের ধীর গতির সমালোচনার মধ্যে মরিসন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।