এদেশে যুগে যুগে শ্রুতিমাধ্যম বদলেছে। এই বদলের সর্বশেষ অবস্থানে এখন রয়েছে অ্যাপভিত্তিক মিউজিক প্লাটফর্ম। এদেশে দীর্ঘ কয়েকবছর ধরে স্বাধীন মিউজিক অ্যাপ বাংলা গানের প্লাটফর্ম হিসেবে কাজ করছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা নিজেদের গান প্রকাশ করছেন। সম্প্রতি বেসিস অ্যান্ড আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২০-এ কনজিউমার ক্যাটাগরিতে সেরা স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠান। স্বাধীন মিউজিকের প্রধান নির্বাহী সাবিরুল হক বর্তমান গানের বিপণন, বিশ্বায়ন ও নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল
আমাদের দেশের এই সুন্দর গানগুলোর পেছনের যারা কারিগর তারা সবসময়েই অবহেলিত থেকে যান। স্বাধীন মিউজিকে তারা তাদের ন্যায্য সম্মান বা সম্মানী দুটোই পাবেন
বর্তমান প্রেক্ষাপটে স্বাধীন মিউজিকের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে শুনতে চাই—
বর্তমানে আমাদের দেশে অনেকগুলোই মিউজিক স্ট্রিমিং অ্যাপ আছে, যা মানুষ ব্যবহার করছে। এই প্রতিযোগিতার কথা মাথায় রেখেই স্বাধীন মিউজিক লঞ্চ করা। পুরো বিশ্বের ১৬ লাখেরও বেশি মানুষ স্বাধীন মিউজিক ব্যবহার করছেন।
স্বাধীন মিউজিকে গানের সংখ্যা কত?
স্বাধীন মিউজিক প্রতিনিয়ত মানসম্পন্ন গানের সংখ্যা বাড়িয়ে চলছে। এখন পর্যন্ত এখানে শ্রোতারা কয়েক লাখেরও বেশি বাংলা গানসহ, মিউজিক ভিডিও এবং পডকাস্ট উপভোগ করতে পারছেন।
আমাদের শ্রোতারা কী এখন অ্যাপের ব্যবহারে অভ্যস্ত হতে পেরেছে?
দেখুন, এ কারণেই স্বাধীন মিউজিক অ্যাপ ছাড়াও ওয়েব ভার্সন আমরা করেছি। যাতে তার নিজের পছন্দের গান শুনতে পারে। এটি আন্ড্রয়েড এবং আইওএস ভার্সনেই শোনা যাচ্ছে।
এক্ষেত্রে রয়ালিটি বা শিল্পী-কুশলীদের মেধাসত্ত্ব নিয়ে অনেকরকম বিচ্ছিন্ন কথা শোনা যায়। এ প্রসঙ্গে আপনাদের মতামত কী?
আমরা নিয়মের ভেতরেই থাকতে চাই। অবশ্যই রাষ্ট্রীয় নীতিমালার বাইরে কিছু করছি না, করার ইচ্ছেও নেই। আর বিচ্ছিন্নভাবে যা অভিযোগ সেগুলোও আমাদের সমাধান করার ইচ্ছে আছে। আমাদের মূল উদ্দেশ্য এই সুরসমৃদ্ধ দেশের বাংলা গানকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া। আমাদের দেশের এই সুন্দর গানগুলোর পেছনের যারা কারিগর তারা সবসময়েই অবহেলিত থেকে যান। স্বাধীন মিউজিকে তারা তাদের ন্যায্য সম্মান বা সম্মানী দুটোই পাবেন। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং বৈধভাবে স্বাধীনে গানগুলোকে আনা হয়। সুতরাং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান বা সম্মানী থেকে কখনোই বঞ্চিত হন না।
সেক্ষেত্রে বিশ্ববাজারে বাংলা গান নিয়ে কতটা সম্ভাবনা দেখেন আপনি?
বাংলা গান অত্যন্ত সমৃদ্ধশালী। বাংলা ভাষা পৃথিবীর ৭ম বৃহত্তম ভাষা এবং ৩০০ মিলিয়নের বাংলা ভাষী আছেন পৃথিবীজুড়ে। বিশ্বের এই ৩০ কোটি বাংলাভাষীই আমাদের গানকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাবে। সুতরাং এটি একটি বড় মার্কেট, যেখানে সুযোগ আছে শ্রোতাদের আকৃষ্ট করার।
গান তো চাইলেই বিভিন্ন মাধ্যমে শোনা যায়। তাহলে স্বাধীন মিউজিক-ই কেন?
আমরা শ্রোতাবান্ধব একটি অ্যাপস করেছি বলেই এটা ব্যবহারের জন অনুরোধ করছি। কারণ ব্যবহারকারীরা অফলাইনে গান শুনতে পারবেন, অর্থাত্ গান ডাউনলোড করে পরবর্তীতে ইন্টারনেট সংযোগ ছাড়াই গানগুলো শুনতে পারবেন। স্বাধীন মিউজিকে শুধু গানই না, পাশাপাশি ভিডিও এবং এক্সক্লুসিভ পডকাস্টও রয়েছে।
স্বাধীন মিউজিকের অ্যাওয়ার্ড জয়ের ব্যাপারটি কীভাবে দেখছেন?
নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি গর্বের ব্যাপার। স্বাধীন মিউজিকের পেছনে কাজ করে যাচ্ছেন আমাদের টিম, মিউজিশিয়ান, পার্টনাররা তাদের অবদানের কারণেই আজকে বাংলাদেশের অন্যতম মিউজিক স্ট্রিমিং অ্যাপ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বীকৃতি আদায় করে নিয়েছে স্বাধীন মিউজিক। সবার অবদান ছাড়া আজকে এই অবস্থানে আসা সম্ভবই হতো না!
আর ৫ বছর পরে স্বাধীন মিউজিককে কোন অবস্থানে দেখতে চান?
আমরা আন্তর্জাতিক মিউজিক লেবেলদের সঙ্গেও লাইসেন্স করার ব্যাপারে কথা বলেছি। স্বাধীন মিউজিক যেন আন্তর্জাতিক সব মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলোর সঙ্গে পালা দিয়ে এগিয়ে যায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট।’
সাবিরুল হক
