ঈদের একাধিক নাটকে শ্যামল

আপডেট : ০২ জুলাই ২০২১, ২১:১৮

বিনোদন প্রতিবেদক

 

করোনার কারণে সকল শুটিং বন্ধ ঘোষণা করা হলেও সিডিউল পাওয়া ঈদের নাটকগুলোর শুটিং চলছে। বিশেষ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তারকারাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই তালিকায় রয়েছেন এ সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। এরইমধ্যে বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন তিনি। নিজের ব্যস্ততা নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘এরইমধ্যে বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ শেষ করেছি। হাতে আরো কিছু নাটকের কাজ রয়েছে। এখনো শুটিংয়েই আছি। নাটকগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হবে আসছে ঈদে।’ করোনার এই সময়ে শুটিং নিয়ে তিনি আরো বলেন, ‘দেখুন, শঙ্কা থাকলেও গত ঈদে আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছি। দুই ঈদের পর নতুন নাটকে ঈদ কেটেছে। এবারো অনেক নাটকের সিডিউল সবাই দিয়েছেন। কিন্তু হটাত্ লকডাউনে সংশয় তৈরি হয়েছিল শুটিং নিয়ে। তবে আলোচনা করে একটা সমাধানে আসা গেছে এটা খুবই ভালো খরব সবার জন্য। সাবধানতা অবলম্বন করে যদি সবাই কাজ করি তাহলে আশা করি তেমন একটা সমস্যা হবে না।’ এদিকে সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে শ্যামল মাওলার ওয়েব সিরিজি ‘মহানগর’। সিরিজটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছে দুই বাংলায়। গল্পের পাশাপাশি নির্মাণ ও অভিনয় নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে। এ নিয়ে শ্যামল আরো বলেন, ‘এটা খুবই আনন্দের খবর যে দর্শকরা দারুণ সাড়া দিয়েছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এমন একটি আলোচিত কাজ দরকার ছিল। দর্শকদের কমেন্টস  থেকে সেই জায়গায় বলতে পারি নতুন মাধ্যমটির আরো গ্রহণযোগ্যতা তৈরি করলো মহানগর। এমন কাজ ধারাবাহিকভাবে করতে পারলে অনেক ভালো অবস্থানে পৌঁছাতে পারবো আমরা।’

 

শ্যামল মাওলা