সিঙ্গাইরের স্কুলে ক্লাস নেন দপ্তরি!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৫

পরিদর্শনকালে দেখলেন ইউএনও

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিঙ্গাইরের ভূমদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাস নিচ্ছিলেন দপ্তরি। আর পরিদর্শনকালে তা দেখে ফেললেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমতউল্লাহ। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে স্কুল পরিদর্শনকালে এমন অনিয়মের প্রমাণ পেয়েছেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমত উল্লাহ। ওই স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না বলে পরিদর্শন বইয়ে মন্তব্য করেন ইএনও। সেই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখে তিনি হতাশ প্রকাশ করেন। এ সময় দপ্তরির ক্লাস নেয়া এবং খালি চেয়ার টেবিলের ছবিও তোলেন তিনি।  ভূমদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৩০৩ জন এবং শিক্ষক আছেন আটজন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকবেন ৯টায়। আমি উপস্থিত হলাম সোয়া ৯টায়। গিয়ে দেখলাম প্রি প্রাইমারী ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের দপ্তরি। ৮ জনের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে কয়েকজন আসলেন সাড়ে ৯টার দিকে। কেউ কেউ আসলেন আরো পরে। এ সবের ছবিও তোলেন তিনি। তিনি আরো জানান, পরিদর্শন রেজিস্টার পর্যালোচনা করে দেখতে পাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  সৈয়দা নার্গিস আক্তার ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজা আক্তার ৪ মাস আগে ওই বিদ্যালয় পরিদর্শন করে গেছেন। স্কুলের এ সব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি।

ওই বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হালিমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, শীতের কারণে বাচ্চারা স্কুলে দেরিতে আসে বিধায় আমাদের একটু দেরি হয়েছে। এ ধরনের ভুল  আর হবে না।