দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বিধিনিষেধ অমান্য করায় নবাবগঞ্জে ১৯ জনকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃষ্টি উপেক্ষা করে গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার সদর নবাবগঞ্জ ও বিভিন্ন স্থানে বিধিনিষেধ না মানায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট অরুণ কৃষ্ণ পাল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
