পাওনা টাকা না পেয়ে বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

আশুলিয়ায় পাওনা টাকা ফেরত না দেওয়ায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহত ঐ বৃদ্ধের নাম জয়নাল আবেদিন। এ ঘটনার পর যুবক রুবেল পলাতক । গতকাল ভোররাতে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ঐ বৃদ্ধের ছেলে বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।  ছেলের দাবি তার বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে যুবক রুবেল। জয়নাল আবেদিনের বাড়ি রংপুর জেলার পীরগাছায়। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মোঃ মিলন ফকির বলেন, জয়নাল আবেদীন পলাতক রুবেলের কাছ থেকে ২০ হাজার টাকা ধারে নিয়েছিলেন। রুবেল তা চাইলে দিচ্ছি দেব করে নানা টালবাহানা করতে থাকে বৃদ্ধ জয়নাল। এমনকি টাকার জন্য বেশি চাপ দিলে গাঁজা বিক্রির কথা ফাঁস করে রুবেলকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। ধারনা করা হচ্ছে, এতে ক্ষুদ্ধ  হয়ে রুবেল তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ রুবেলকে আটকের চেষ্টা চলছে।