মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুলকী ৪ কিলোমিটার গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সংযোগ আঞ্চলিক এ রাস্তাটি পাকা না হওয়ায় ১৫-২০টি গ্রামের মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, ১৫-২০টি গ্রামের যোগাযোগের জন্য আছিমতলা-কাটরা-উফুলকী এই ৪ কিলোমিটার গ্রামীণ রাস্তার দুরবস্থা দীর্ঘদিনের। রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। নানা জটিলতার কারণে ঐ আবেদন এখনো বাস্তবায়ন হয়নি। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় কাদাপানি জমে চলাচল কঠিন হয়ে যায়। তখন যানবাহন চলাচল তো দূরের কথা পায়েও হাঁটা যায় না। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেন ও ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন বলেন, রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসী নানা সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা একাধিকবার আবেদন-নিবেদন করে আসছেন রাস্তাটি পাকাকরণের জন্য। কিন্তু এখন পর্যন্ত তাদের সেই দাবি পূরণ হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমপির নির্দেশনায় রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই রাস্তাটি পাকা করা হবে।
