হুমকিতে সড়ক ও বাজার রক্ষাবাঁধ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় গত চার দিনের অবিরাম বর্ষণে জারিয়াতে কংস নদের পানি বিপত্সীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্য নদীগুলোর পানি বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। বেশকিছু এলাকায় সড়ক তলিয়ে গেছে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষণের পানি এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া প্রবল পানির চাপে নেত্রকোনার দুর্গাপুর, বারহাট্টা ও দুর্গাপুর বাজার ও সড়ক রক্ষাবাঁধগুলো হুমকির সম্মুখীন।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো বন্যা দেখা দেয়নি। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি রেখেছে। বন্যাজনিত সব কার্যক্রম নজর রাখার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রর্কেশলী এম এল সৈকত বলেন, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষণে জারিয়াতে কংস নদের পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে কংস নদের পানি বিপত্সীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
