গঙ্গাচড়ায় অবিরাম বর্ষণে পাটখেতে পানি

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৮

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে মাটি নরম হওয়ার কারণে গঙ্গাচড়ায় পাটখেত পানিতে পড়ে গেছে। যার ফলে পানির সঙ্গে মিশে থাকা পাট পচে যাওয়ার শঙ্কা বেশি। পরিপক্ব হওয়ার আগে পাটখেত পড়ে যাওয়ায় এ বছর ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাছাড়া অনেক কৃষক পরিপক্ব হওয়ার আগে পাট কেটে ফেলছেন। এই পাট জাগ দেওয়ার পাঁট থেকে সাত দিনের মধ্যে আঁঁশ ছড়াচ্ছে। কৃষকরা জানান, সাধারণভাবে পরিপক্ব পাট জাগ দেওয়ার পর ১৫ থেকে ২০ দিন লাগে আঁঁশ ছড়াতে। এ অবস্থায় পাটের ওজন কমবে বলে তারা  আশঙ্কা করছেন। সরজমিনে উপজেলার গজঘন্টা, মর্নেয়া ও গঙ্গাচড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। অধিকাংশ পাটখেত মাটিতে মিশে গেছে। কিসামত হাবু গ্রামের কৃষক ধরনী কান্ত ও সবুজ  বলেন, পাট মাটিতে পড়ে অনেক ক্ষতি হয়েছে। ফলন এবার কমবে।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর দেশি ও তোষা জাত মিলে ২ হাজার ১০০ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে।  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, পাট এখনো পরিপক্ব হয়নি। এ কারণে পড়ে যাওয়া পাটে কিছু ক্ষতিতো হবে।